সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৫৫
সিলেট বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া ৩ জন সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা হলো ৪৫৯। এদিকে ২৪ ঘণ্টায় বিভাগে ১৫৫ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে, যাদের মধ্যে সিলেট জেলার ১০৬, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ৮ ও মৌলভীবাজার জেলার ৩৬ জন, যা চলতি মাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা ২৪ হাজার ৮০৭। এর আগের ২৪ ঘণ্টায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০০ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ হাজার ১৪১ জন। করোনায় মারা গেছেন ৪৫৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯১ জন। এর মধ্যে সিলেট জেলার ২৭৬, সুনামগঞ্জের ৬, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজারের ৭ জন রয়েছেন।