সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৭। আজ শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন সিলেট জেলার ও ২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। একই সময়ে বিভাগে ১ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষায় ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৩০।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১১৯, সুনামগঞ্জের ১৪, হবিগঞ্জের ২৭ ও মৌলভীবাজারের ২৮ জন আছেন। এখন পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫২ হাজার ২২৪। এর মধ্যে সিলেট জেলার ৩২ হাজার ২৬৩, সুনামগঞ্জের ৬ হাজার ৫১, হবিগঞ্জের ৬ হাজার ২৬৬ ও মৌলভীবাজারের ৭ হাজার ৬৪৪ জন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৩৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৫৮৯।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৫৯ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে ২৯২ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের ৩৩, হবিগঞ্জের ১৭ ও মৌলভীবাজারের ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।