সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১২ জনের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১ জন করে আছেন। একই সময়ে ১ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষায় ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৩৮।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১১৩ জন, সুনামগঞ্জের ২২, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ৪৭ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫১ হাজার ৪১। আর বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৯৭২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪২ জন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৩৯ হাজার ৯৯৫।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৪৭৯। এর মধ্যে ৩৮১ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের ৩৫ জন, হবিগঞ্জের ৩৭ জন ও মৌলভীবাজারের ২৬ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।