সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু
সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৫২ জনের। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৬ শতাংশ। আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া চারজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় ৭৮১ জনের মৃত্যু হলো। নতুন করে করোনায় সংক্রমিত ৩৫২ জনের মধ্যে সিলেট জেলার ১৮২ জন, সুনামগঞ্জের ৩৭, হবিগঞ্জে ৯৯, মৌলভীবাজারের ৩৪ জন। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৫৭১। এর মধ্যে সিলেট জেলার ২৭ হাজার ৭৬৭ জন, সুনামগঞ্জের ৫ হাজার ১৫০, হবিগঞ্জের ৫ হাজার ৩৯৯ ও মৌলভীবাজারের ৬ হাজার ২৫৫ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনায় সংক্রমিত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪৯৮ জন চিকিৎসাধীন। এর মধ্যে ৩৬২ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জে ৪৮, ও মৌলভীবাজারে ২৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৮৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ৮৫ জন সিলেট জেলার ও ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৮৭।