সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়। তাঁদের মধ্যে সিলেট জেলার তিনজন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন আছেন। এ নিয়ে বিভাগে করোনায় ৪৬৭ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে করোনায় সংক্রমিত ৯৯ জনের মধ্যে সিলেট জেলার ৭৫, সুনামগঞ্জের ৯, হবিগঞ্জের ৮ ও মৌলভীবাজারের ৭ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৮২ জন। এখন পর্যন্ত বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৫৬৬, সুনামগঞ্জে ২ হাজার ৯৪৩, হবিগঞ্জে ২ হাজার ৬৪১ ও মৌলভীবাজারে ২ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ হাজার ২৭৩ জন। মারা গেছেন ৪৬৭ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন পাঁচজন। করোনার সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।