সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ৮৭৩ জন মারা গেছেন। এর আগে গত বুধবার বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু রেকর্ড করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া আট ব্যক্তির মধ্যে সিলেট জেলার ছয়জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার এক বাসিন্দা রয়েছেন। শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮০ জনের নমুনা পরীক্ষা করে ৫৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬১।
প্রতিবেদন সূত্রে জানা যায়, বিভাগে নতুন শনাক্ত রোগীদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৩৯০ জন, সুনামগঞ্জে ৫৪ জন, হবিগঞ্জে ২৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৬০ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ হাজার ১০৯ জন। এর মধ্যে সর্বোচ্চ রোগী আছেন সিলেটে, ২৯ হাজার ৮৭১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫১ জন সুস্থ হয়েছেন। এখন বিভাগে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৩৫ হাজার ৬৯৫।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৩৪ জন। এর মধ্যে ৩০৭ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার হাসপাতালগুলোয়। তবে করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। তাই করোনার টিকা নিতে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।