সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৩৪৯ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) ৩৪৯ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছিল ১ হাজার ১১৯ জনের। শনাক্তের হার ৩১ দশমিক ১৯ শতাংশ। তবে এ সময়ে কেউ মারা যায়নি।
শনিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া করোনাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে অবস্থান করছে। এর মধ্যে ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৩৪৯ জনের। শনাক্তের হার ৩১ দশমিক ১৯ শতাংশ। এ নিয়ে বিভাগে ৬১ হাজার ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১ হাজার ১৩৩ জন।
বিভাগে শনিবার সকাল আটটা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ১৮২ জন। এর মধ্যে সিলেটে ১৩৮ জন, সুনামগঞ্জে ১৬, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ২৫ জন চিকিৎসাধীন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ‘সংক্রমণ সপ্তাহখানেক ধরে ৩০ শতাংশের ওপরে অবস্থান করছে। এ ছাড়া জ্বর-সর্দিতে অনেকেই আক্রান্ত হচ্ছেন। তাঁদের করোনা পরীক্ষায় অনেকেরই পজিটিভ রিপোর্ট আসছে। কিন্তু আমরা ঘর থেকে বের হলেও আগের মতো স্বাস্থ্যবিধি অনুসরণ করছি না।’ তিনি বলেন, করোনা সংক্রমণ রোধ করতে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ ও ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।