সিলেট বিভাগে ২৭ ডিসেম্বর থেকে পেট্রলপাম্পমালিকদের ধর্মঘট
জ্বালানি তেল বিপণন ও কোম্পানি থেকে নিম্নমানের পেট্রল সরবরাহ বন্ধসহ ছয় দফা দাবিতে সিলেট বিভাগে ২৭ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে। আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।অ্যাসোসিয়েশনটি সোমবার সিলেট বিভাগীয় জরুরি বৈঠকে এই ধর্মঘটের ঘোষণা দেয়।
দাবিগুলোর মধ্যে আছে জ্বালানি তেল বিপণন কোম্পানি থেকে নিম্নমানের পেট্রল সরবরাহ বন্ধ ও আগের মতো সিলেট গ্যাসফিল্ড থেকে উন্নতমানের পেট্রল সরবরাহ, জ্বালানি তেলের মান নিয়ন্ত্রণ করার জন্য সিলেটের প্রতিটি ডিপোতে জ্বালানি তেল পরীক্ষার ল্যাব স্থাপন, বিভিন্ন সরকারি সংস্থার অন্যায় ও উদ্দেশ্যমূলক হয়রানি বন্ধ, পেট্রলপাম্পে সরকারি অধিদপ্তরের অভিযান পরিচালনাকালে অ্যাসোসিয়েশনের প্রতিনিধির ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা, সরকারি অধিদপ্তরের লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা ও ভোক্তা অধিকারের সিলেট জেলার সহকারী পরিচালককে প্রত্যাহার করা।
এদিকে সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে সিলেট বিভাগে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। সেই সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় বাধ্যতামূলক গ্রিল সংযোজন বন্ধসহ ছয় দফা দাবিতে সোমবার থেকে তিন দিন ধরে কর্মবিরতি পালন করছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা।
জরুরি সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ছয় দফা দাবি উত্থাপন করে ধর্মঘটের আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি আমিরুল চৌধুরী, সদস্য হুমায়ুন আহমদ প্রমুখ।
সংগঠনটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী বলেন, প্রায় চার মাস ধরে বেসরকারি প্রতিষ্ঠানের নিম্নমানের জ্বালানি পেট্রল সরবরাহ করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে জানিয়েও কাজ হচ্ছে না। তাই সংগঠনের আওতায় থাকা বিভাগের প্রায় ৯০টি পেট্রলপাম্প একযোগে ধর্মঘট পালন করবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, ২১ ডিসেম্বর সিলেটের ১০টি পেট্রলপাম্পে তদারক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের পরিদর্শক প্রতিনিধি, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে সহনীয় মাত্রা থেকে কম জ্বালানি তেল বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।