সিলেট বোর্ডের নতুন সচিব মো. কবীর আহমদ
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর আহমদকে পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদকে মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যাপক অরুণ চন্দ্র পালকে পদায়ন করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়নের বিষয়টি জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়নপ্রাপ্ত মো. কবীর আহমদ বলেন, প্রজ্ঞাপনের কপি হাতে এসেছে। এতে ১৭ অক্টোবরের মধ্যে কর্মস্থল ছাড়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে দু-এক দিনের মধ্যেই সাবেক সচিব মো. মোস্তফা কামাল আহমদ মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করার পর তিনি দায়িত্ব নেবেন বলে জানান।