সিলেট মহানগরের ১৭টি ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন
সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী।
এ বিষয়ে আজ বিকেলে মহানগর বিএনপি গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠায়। এতে উল্লেখ করা হয়, মহানগরের ১, ২, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৮, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী ও সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী গতকাল সোমবার এসব কমিটির অনুমোদন দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়ার্ডগুলোয় ১৫ থেকে ১৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৫ দিনের মধ্যে এসব কমিটিকে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
মিফতাহ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, মহানগরের বাকি ১০টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটিও শিগগিরই অনুমোদন দেওয়া হবে।
এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় বিএনপি।