সিলেট-৩ আসনে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পেয়েই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় নামেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতিকুর রহমান লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া ডাব এবং স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি (কার) প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের সময় আওয়ামী লীগ ও বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা মুহা. ইসরাইল হোসেন জানান, গত ১১ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। আগামী ২৮ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। ভোটকেন্দ্র ১৪৯টি।
রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতা-কর্মীরা জানান, সিলেটের রাজনৈতিক সংস্কৃতি ও মেজাজ দেশের অপরাপর অঞ্চলের চেয়ে কিছুটা ভিন্ন। দলের পাশাপাশি এখানে ব্যক্তিরও মূল্যায়ন করেন অনেক ভোটার। এই আশায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী। নির্বাচন বর্জনকারী বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করেছেন। তিনি এ আসনে বিএনপির টিকিটে দুবার সাংসদ হন। গত সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে মাহমুদ উস সামাদ চৌধুরীর কাছে হেরে যান।
জাতীয় পার্টির আতিকুর রহমান এ আসনে দুবার নির্বাচন করলেও পরাজিত হন। সর্বশেষ ২০০৮ সালে তিনি তৃতীয় হন। সেই নির্বাচনেও মাহমুদ উস সামাদ চৌধুরী বিজয়ী হয়েছিলেন এবং দ্বিতীয় হয়েছিলেন শফি চৌধুরী।