সিলেট-৩ উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট চলছে। তবে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। ছবিটি সকাল সাড়ে ৮টায় সিলেটের দক্ষিণ সুরমার হাজি মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তোলাছবি: আনিস মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ শনিবার সকাল ৮টায়। সকাল ১০টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ কম।

কেন্দ্রে এক-দুজন করে ভোটার দেখা গেছে। সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ছয়টি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন।

ভোট শুরুর পৌনে এক ঘণ্টায় দক্ষিণ সুরমা উপজেলার পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র ২৫ জন ভোট দেন। সকাল সোয়া নয়টা পর্যন্ত হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চবিদ্যালয়ে ২৪টি ভোট পড়েছে।

সিলেট নগরের উপকণ্ঠে অবস্থিত তিন উপজেলা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসন গঠিত। এ আসনে ভোটার ৩ লাখ ৫২ হাজার। আসনটি শূন্য ঘোষণার পর এক দফা তারিখ পিছিয়ে গত ২৮ জুলাই এ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে এক রিটের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় আদালতের নির্দেশনায় নির্বাচন স্থগিত হয়েছিল। পরে ইসি আজ ভোটের নতুন তারিখ ঘোষণা করে।

১৪৯টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। এখানে মোট প্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি-কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)। জুনায়েদকে মাঠে দেখা না গেলেও অপর তিন প্রার্থী নির্বাচনী প্রচারণায় তৎপর ছিলেন।

পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯২৯ জন। বুথ আছে পাঁচটি। সকাল পৌনে নয়টার দিকে এ কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, দুজন নারী ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। মিনিট দশেকের মধ্যে ভোট দিয়ে তাঁরা কেন্দ্র ত্যাগ করেন। নয়টার দিকে এখানে ভোট দিতে আসেন নৈখাই গ্রামের বাসিন্দা সুমি বেগম (২৪)। তিনি জানান, ভেবেছিলেন ভিড় হবে। এসে দেখেন ভোটকেন্দ্র ফাঁকা।

২ নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন নৌকার এজেন্ট আবদুল কাইয়ূম ও লাঙ্গলের এজেন্ট শিমুল আহমদ। তাঁরা বলেন, শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হলেও ভোটারদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল মোমিন আশা প্রকাশ করেছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। ছবিটি সকালে সিলেটের দক্ষিণ সুরমার পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তোলা
ছবি: আনিস মাহমুদ

সকাল সোয়া নয়টার দিকে দক্ষিণ সুরমার হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্র ফাঁকা। একজন ভোটারও নেই। তবে পাঁচ মিনিট পর একজন ভোটারকে আসতে দেখা যায়। মধুপশারী গ্রামের মো. শফিক নামের ওই ভোটার পেশায় রাজমিস্ত্রি। তিনি বলেন, তাঁর কাজ থাকায় সকালেই ভোট দিতে চলে এসেছেন। দুপুরের পর থেকে ভোটারের উপস্থিতি বাড়তে পারে বলে তিনি মনে করছেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. লুৎফুর রহমান জানান, এটি পুরুষ কেন্দ্র। চারটি বুথ রয়েছে। মোট ভোটার ২ হাজার ১২৮ টি। সকাল সোয়া নয়টা পর্যন্ত ২৪ জন ভোটার ভোট দেন। ভোটারের উপস্থিতি কম কেন—এমন প্রশ্নের জবাবে হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর বুথে দায়িত্বরত লাঙ্গলের এজেন্ট মো. আবদুস শহীদ বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচন যেভাবে অনিয়ম ও কারচুপিতে হয়েছে, এতে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাই অনেকে ভোট দিতে আসছেন না। এ উপনির্বাচন ইভিএমে সুষ্ঠুভাবেই চলছে। তবে তিক্ত অভিজ্ঞতায় এখন কেউ ভোট দিতে আসছেন না।’

এদিকে সকাল সোয়া আটটায় আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান দক্ষিণ সুরমার কামালবাজারের ধরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। সোয়া ১০টার দিকে হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা নেই। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। সিলেট অঞ্চলে বরাবরই সকালবেলা ভোটারের উপস্থিতি কম থাকে। এই উপনির্বাচনও ব্যতিক্রম নয়। তবে ধীরে ধীরে ভোটারের উপস্থিতি বাড়ছে।’

সকাল নয়টার দিকে দক্ষিণ সুরমার দাউদপুরের গৌছউদ্দিন সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোটারদের উপস্থিতি কম। তবে দুপুরের পর থেকে নিশ্চয়ই উপস্থিতি বাড়বে। আবার অনেকে ইভিএম পদ্ধতিও বুঝছেন না। এটাও একটা সমস্যা।’

সকাল ১০টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজারের রেবতী রমণ দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান। তবে আঙুলের ছাপ না মেলায় তিনি ভোট দিতে পারেননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘সরকারি দলের নেতা-কর্মীরা বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিচ্ছেন। লাঙ্গলের ভোটারদের জোরপূর্বক নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে। আমার ভোটারদের হয়রানি করা হচ্ছে।’

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমাণ আদালতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’ জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রার্থীর পক্ষ থেকে এমন কোনো অভিযোগ আমার কাছে করা হয়নি।’