‘সিলেটকে বন্যা থেকে রক্ষা করতে নদী খনন ও বাঁধ নির্মাণ জরুরি’

সিলেট নগরে এক হাজার বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আজ শনিবার বিকেলেছবি : প্রথম আলো

সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষা করতে হলে নদী-খাল খনন ও শহর রক্ষা বাঁধ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। আজ শনিবার বেলা তিনটার দিকে সিলেট নগরের ৩০ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত মানুষের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির নেতারা এসব কথা বলেন।

নগরের চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় এক হাজার মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। শনিবার নগরের চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
প্রথম আলো

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের নেতা এম ইকবাল। খায়রুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, ফাউন্ডেশনের ত্রাণ কমিটির সদস্যসচিব মাহবুব আলম, মুজাম্মেল হক, সালেহ আহমদ খসরু প্রমুখ।

এনামুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, গোটা একটা বিভাগকে পানির নিচে রেখে পদ্মা সেতুর জমকালো উদ্বোধনের নামে সরকার সিলেটবাসীর সঙ্গে চরম বিদ্বেষমূলক আচরণ করেছে। প্রধানমন্ত্রী বন্যাকবলিত সিলেটে এলেও একটি আশ্রয়কেন্দ্রও ঘুরে দেখার প্রয়োজনবোধ করলেন না।