সিলেটে অনলাইনে ভ্যাট রিটার্ন দেন মাত্র ৬৮% করদাতা: এনবিআর
সিলেটের মাত্র ৬৮ শতাংশ করদাতা অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করে থাকেন। অথচ বাংলাদেশের অন্যান্য স্থানে এ হার প্রায় ৮০ শতাংশ। গতকাল বুধবার নগরের শাহজালাল উপশহর এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে আয়োজিত প্রাক্-বাজেট আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক এ তথ্য জানিয়েছেন।
সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, দেশের স্বার্থে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে রাজস্ব প্রদানে এগিয়ে আসতে হবে। রাজস্ব আহরণ বাধাগ্রস্ত হলে দেশের উন্নয়ন ব্যাহত হয়। করের বোঝা কমিয়ে করদাতার সংখ্যা বাড়াতে তাঁরা কাজ করছেন বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন এনবিআর সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক ও সদস্য (করনীতি) সামস উদ্দিন আহমেদ।
সামস উদ্দিন আহমেদ বলেন, প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে সিলেটে রেমিট্যান্সের প্রবাহ বেশি হওয়ায় এখানে মাথাপিছু আয় দেশের অন্যান্য স্থানের তুলনায় বেশি। তাই সিলেট থেকে সরকারের রাজস্ব প্রত্যাশাও বেশি। তিনি জানান, সিলেটে কর ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। অচিরেই এ ভবন নির্মিত হবে।
সভাপতির বক্তব্যে কয়েকটি দাবি উত্থাপন করেন তাহমিন আহমদ। এর মধ্যে পর্যটন খাতের বিনিয়োগকারীদের পাঁচ বছরের ট্যাক্স হলিডে প্রদান, সিলেটে কোম্পানি শ্রেণির করদাতাদের জন্য আপিল বেঞ্চ ও কর আপিল ট্রাইব্যুনাল গঠন, ব্যবসায়ীদের ভ্যাট আপিলের ব্যবস্থা করা এবং পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি শুল্ক হ্রাস ও সব শুল্ক স্টেশন চালু রাখা উল্লেখযোগ্য।
বক্তারা অবসরগ্রহণকারী করদাতাদের জন্য অবসরকালীন ভাতা চালু, পর্যটন খাতের জন্য আমদানি করা গাড়ির নিবন্ধন ফি কমানো, চা আমদানি বন্ধে কঠোর নীতিমালা প্রয়োগ, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স রিফান্ড প্রক্রিয়া সহজীকরণ, ভোগ্যপণ্য পরিবেশকদের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার, টার্ন ওভার ট্যাক্স দাখিলের বিধান রহিতকরণ, কর আপিলের ক্ষেত্রে ব্যবসায়ীদের সরাসরি উচ্চ আদালতে যাওয়ার সুযোগ প্রদান, কনস্ট্রাকশন আইটেম ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ওপর থেকে টিডিএস প্রত্যাহার, ব্যবসায়ীদের ভ্রমণ কর প্রত্যাহারসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।