সিলেটে অনেক স্থানে পানি নেমে গেলেও ভোগান্তি কমেনি
সিলেটে গতকাল রোববার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়ে আজ সোমবার ভোররাতে শেষ হয়েছে। সকালে সূর্যের দেখা মিলেছে। সিলেটের ভেতর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলোর মধ্যে কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি কিছুটা বেড়েছে। তবে অন্যান্য নদ-নদীর পয়েন্টে পানি কিছুটা হ্রাস পেয়েছে। আবার কুশিয়ারা নদীর আরেকটি পয়েন্টে পানি স্থিতিশিল রয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে পানি গতকাল বেলা তিনটার তুলনায় দশমিক শূন্য ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১৬ দশমিক ২০ সেন্টিমিটারে অবস্থান করছে। নদীর শেওলা পয়েন্টে পানি দশমিক শূন্য ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১৩ দশমিক ১৭ সেন্টিমিটারে অবস্থান করছে। আবার নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি গতকালের তুলনায় কিছুটা কমলেও পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর শেরপুর পয়েন্টে পানি ৭ দশমিক ৯০ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে।
এদিকে লুভা নদীর লুভাছড়া পয়েন্টে পানি গতকাল বেলা তিনটার তুলনায় দশমিক শূন্য ৩ সেন্টিমিটার কমে ১৩ দশমিক ৪৩ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। সারী নদীর সারিঘাট পয়েন্টে পানি গতকাল দুপুরের তুলনায় দশমিক ৩৬ সেন্টিমিটার কমে ১০ দশমিক ৩৯ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। ধলাই নদের ইসলামপুর পয়েন্টেও পানি কিছুটা কমে আজ ৯ দশমিক ৬৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, সিলেট থেকে পানি সুনামগঞ্জের বিভিন্ন হাওর হয়ে নামে। তবে সুনামগঞ্জে পানি বেশি থাকায় ধীরগতিতে নামছে।
এদিকে আজ সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সুরমা নদীর পানি উপচে খাল ও ছড়া হয়ে যেসব এলাকায় আগে প্রবেশ করেছিল, সেই এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। বাসাবাড়ি থেকেও পানি নেমে গেছে। তবে কয়েকটি মহল্লার সড়কে এখনো পানি রয়েছে। নগরের শাহজালাল উপশহর এলাকার ডি ব্লকের ভেতরেও পানি জমে আছে। এ ছাড়া উপশহরের সি ও এ ব্লকে পানি জমে থাকতে দেখা গেছে। নগরের তেররতন এলাকায় পানি নেমে গেলেও অনেকের বাসাবাড়ি স্যাঁতসেঁতে অবস্থায় রয়েছে।
সিলেট জেলা প্রশাসনের গতকালের হিসাব অনুযায়ী, ৪১৬টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৩৫ হাজার ৬৮৫ জন অবস্থান করছে। বন্যাকবলিত হয়ে সিলেট সিটি করপোরেশনসহ ১৩টি উপজেলার ১০৫টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভার প্রায় ৩০ লাখ মানুষ পানিবন্দী হয়েছিল। জেলার ৬৫৪টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৫২ হাজার ৭৮৪ জন আশ্রয় নিয়েছিল। জেলায় সিলেট সিটি করপোরেশন ছাড়া উপজেলা ও পৌরসভা এলাকার ৪০ হাজার ৯১টি ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।