সিলেটে অবৈধ লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেট নগরের একটি অবৈধ লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নগরের ধোপাদিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিলেট নগরের ধোপাদিঘির পাড় এলাকার ওসমানী শিশু উদ্যানের পাশে অবৈধ লেগুনাস্ট্যান্ড বসিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছিল। আজ বেলা দেড়টার দিকে স্ট্যান্ডটি দখল নিয়ে পরিবহনশ্রমিকদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের হয়ে স্ট্যান্ডের পরিবহনশ্রমিকেরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।

দীর্ঘদিন ধরে সিলেট নগরের ধোপাদিঘির পাড় এলাকার ওসমানী শিশু উদ্যানের পাশে অবৈধ লেগুনাস্ট্যান্ড বসিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছিল।

সংঘর্ষ চলাকালে দুটি লেগুনা ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ এবং মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। এ ছাড়া ভাঙচুর করা একটি লেগুনা জব্দ করে থানায় নিয়ে যায়।

আজবাহার আলী শেখ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা দুইটার পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় দুজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লেগুনাস্ট্যান্ডটি অবৈধ বলে সিটি করপোরেশনের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে। পরে স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়েছে।