সিলেটে আইনজীবীর মৃত্যুর এক মাস পর হত্যা মামলা, স্ত্রী গ্রেপ্তার
সিলেট জেলা জজ আদালতের আইনজীবী আনোয়ার হোসেনের (৪৮) মৃত্যুর এক মাস পর হত্যা মামলা হয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে সন্দেহে গত মঙ্গলবার প্রথমে আদালতে মামলার আবেদন করেন ওই আইনজীবীর ছোট ভাই মনোয়ার হোসেন। গত বুধবার আদালতের নির্দেশে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা নেওয়া হয়।
ওই মামলায় বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেনের স্ত্রী শিপা বেগমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মামলায় শিপা বেগম, শিপা বেগমের বর্তমান স্বামী শাহজাহান চৌধুরীসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী এ এস এম আবদুল গফুর বলেন, আনোয়ার হোসেন নগরের তালতলা এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাস করতেন। গত ১ মে দুপুরের দিকে শিপা বেগম আনোয়ার হোসেনের ভাইকে মৃত্যুর সংবাদ দেন। সে সময় পরিবারের সদস্যরা স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নিয়েছিলেন। পরে আনোয়ারের মৃত্যুর ১০ দিনের মধ্যে শিপার বিয়ে এবং আনোয়ারের শাশুড়ির কাছ থেকে কিছু তথ্য জানার পর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন পরিবারের সদস্যরা। পরে আদালতের মাধ্যমে হত্যা মামলার আবেদন করেন আনোয়ারের ভাই মনোয়ার হোসেন।
আইনজীবী এ এস এম আবদুল গফুর আরও বলেন, খুন কখনো চাপা থাকে না। এ ঘটনার মধ্য দিয়ে আবারও তা প্রমাণিত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ মে বেলা সাড়ে তিনটার দিকে আইনজীবী আনোয়ার হোসেনের স্ত্রী শিপা বেগমের মাধ্যমে নিজ বাসায় তাঁর মারা যাওয়ার খবর পান পরিবারের স্বজনরা। সে সময় স্ত্রী স্বজনদের জানিয়েছিলেন, ৩০ এপ্রিল সাহরি খাওয়ার পর ঘুমিয়ে পড়েন আনোয়ার। পরদিন দুপুরে বিছানায় মৃত অবস্থায় তাঁকে দেখতে পান তিনি। সে সময় স্বজনেরা স্বাভাবিক মৃত্যু ভেবে ওই রাতেই তাঁর দাফন করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ার মারা যাওয়ার ১০ দিন পরই শিপা বেগমের অন্যত্র বিয়ে করার খবর পান আনোয়ারের ভাই মনোয়ারসহ স্বজনেরা। এ ব্যাপারে জানতে চাইলে শিপা বেগম দেবর মনোয়ার হোসেনকে জানান, তাঁর বর্তমান স্বামী পূর্বপরিচিত। এতে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ হয়। এর জের ধরে পরিবারের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, আইনজীবীর মৃত্যুর সময় কোনো তাঁর লাশের সুরতহাল কিংবা ময়নাতদন্ত করা হয়নি। আদালতের মাধ্যমে নির্দেশনা পেয়ে পুলিশ হত্যা মামলা নথিভুক্ত করেছে। একই সঙ্গে মামলার আসামি আনোয়ার হোসেনের স্ত্রী শিপা বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে । বৃহস্পতিবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছিল। তবে রিমান্ডের শুনানি হয়নি।
এস এম আবু ফরহাদ আরও বলেন, ‘আমরা আনোয়ার হোসেনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতের কাছে আবেদন জানাব। একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।’