সিলেটে আওয়ামী লীগের ৬ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
সিলেটের দুই উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নেছারুল হক, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ফখরুল ইসলাম ও শামিনুল হক, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম এবং জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমিনুর রশিদ।
শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিদ্রোহী ছয় প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে যাঁরাই দলীয় প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হবেন এবং প্রার্থীর বিরোধীতা করবেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।