সিলেটে আ.লীগ-বিএনপির সংঘর্ষ: বিএনপির ৬১ নেতা-কর্মীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের হামলার পরে সিলেটের কানাইঘাট বাজারে সোমবার দুপুরে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা হাতে বিক্ষোভ করেন
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিলের মাধ্যমে ‘অরাজকতা সৃষ্টি’র অভিযোগে মামলা করেছেন এক ছাত্রলীগ নেতা। এ মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৬১ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার রাতে কানাইঘাট পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন (২৭) বাদী হয়ে মামলাটি করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, মামলায় ৬১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ মামলাটি তদন্ত করবেন।

মামলায় কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুন রশিদ মামুন, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, সাধারণ সম্পাদক শরিফুল হক ও সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অনেককে আসামি করা হয়।

আরও পড়ুন

এর আগে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত সোমবার দুপুরে কানাইঘাট উপজেলা সদরের বাজারে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বিএনপির ওই মিছিলে হামলা চালান। পরে আওয়ামী লীগ ও বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন।

বিএনপির অভিযোগ, কোনো ধরনের উসকানি ছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহত করেছেন। এমনকি তাদের দলীয় কার্যালয়ও আওয়ামী লীগের লোকজন ভাঙচুর করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের অভিযোগ, বিএনপি বিক্ষোভ মিছিলের নামে ইচ্ছাকৃতভাবেই অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছে।