সিলেটে ঈদের নামাজ শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ মোনাজাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে আজ শনিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন
ছবি: আনিস মাহমুদ

সিলেটে ঈদের নামাজ শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়েছে। আজ রোববার সকাল আটটায় সিলেট নগরের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতের আগে বয়ান দেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু হোরায়রা। পরে তিনি নামাজের ইমামতি করেন।

সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে আজ শনিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন
ছবি: আনিস মাহমুদ

শাহি ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এবং বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ। পরে ঈদের শুভেচ্ছা জানান তাঁরা। নামাজ শেষে সিলেটসহ সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সুখ-শান্তি এবং জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে আজ শনিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শেষে এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মোনাজাত করেন মুসল্লিরা
ছবি: প্রথম আলো

এ দিকে ঈদে সিলেটে চার স্তরের নিরাপত্তা রয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার পরিতোষ ঘোষ। এ ছাড়া ঈদ জামাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ঈদগাহে মুসল্লিদের ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, জেলার বিভিন্ন থানা এলাকায় ৩৬৪টি ঈদগাহ ও ২ হাজার ৪৬১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৭টি ঈদগাহ ও ২৮টি মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।