সিলেটে এক মাসে করোনা শনাক্ত এক হাজার ৯৬১ জনের, মৃত্যু ৫৬
সিলেট বিভাগে করোনা সংক্রমিত হয়ে চলতি মাসে মারা গেছেন ৫৬ জন। এই সময়ে বিভাগে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৬১ জনের। এর মধ্যে গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। এ নিয়ে বিভাগে মারা গেছেন ৪০৬ জন। আজ সোমবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১০১ জনের মধ্যে সিলেট জেলার ৭৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৩ জন ও মৌলভীবাজারের ১৮ জন।
গত বছরের ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিভাগে চলতি মাসে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৯৬১ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৬১২ জনের। এ ছাড়া এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ হাজার ২৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ জন। চলতি মাসে সুস্থ হয়েছেন ২ হাজার ১০০ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।