সিলেটে এখনো আশ্রয়কেন্দ্রে সাড়ে ১৪ হাজার মানুষ

সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র। গত রোববার ঈদের দিনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আশ্রয়কেন্দ্রে এখনো অবস্থান করছেন প্রায় সাড়ে ১৪ হাজার মানুষ। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটের কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া বাকি সব কটি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলার ২২১টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয়ে রয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছেন ১৪ হাজার ৬০১ জন। জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৯ লাখ ৯৯ হাজার ৪৩৩। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩। মোট ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা ৪০ হাজার ৯১।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যে জানা গেছে, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে আজ বেলা ৩টার দিকে পানি ১০ দশমিক ৩৬ মিটার উচ্চতায় রয়েছে, যা ওই পয়েন্টে বিপৎসীমার দশমিক ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে পানি বিপৎসীমার দশমিক শূন্য ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে পানি ১৫ দশমিক ৩৩ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদীর শেওলা পয়েন্টে গতকাল সোমবারের তুলনায় পানি কিছুটা বৃদ্ধি পেলেও আজ বেলা ৩টায় বিপৎসীমার দশমিক ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শেওলা পয়েন্টে পানি ১২ দশমিক ৭৩ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদীর শেরপুর পয়েন্টে পানি বিপৎসীমার দশমিক ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে আজ বিকেলে ৭ দশমিক ৭৬ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার দশমিক ৯২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে আজ বেলা ৩টার দিকে ৯ দশমিক ৮৮ মিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে।

লুভা নদীর লুভাছড়া পয়েন্টে পানি গতকালের তুলনায় দশমিক শূন্য ৬ সেন্টিমিটার কমে ১২ দশমিক ৭১ মিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে।

সারি নদীর সারিঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ২ দশমিক ৮৫ সেন্টিমিটার নিচে রয়েছে। আজ বেলা ৩টা পর্যন্ত ৯ দশমিক ৫০ মিটার উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। ধলাই নদীর ইসলামপুর পয়েন্টে পানি গতকালের তুলনায় দশমিক শূন্য ৪ সেন্টিমিটার কমে ৮ দশমিক ৪৯ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, সিলেটের নদ-নদীর পানি কমছে। তবে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টির প্রভাব কমে আসায় পানি আরও কমবে বলে আশা করা যাচ্ছে। কুশিয়ারা নদীর পানিও কমে আসবে বলে জানান তিনি।