সিলেটে করোনা শনাক্ত ১০ শতাংশের নিচে
সিলেট বিভাগে করোনা শনাক্ত আবার ১০ শতাংশের নিচে নেমেছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৯৭০ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৭৯। একই সময় বিভাগে করোনা সংক্রমণে মারা গেছেন ছয়জন। আজ রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সিলেট বিভাগে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ছিল গত জুনের শেষ দিক থেকে। সে সময় থেকে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩০ শতাংশের ওপরে করোনা শনাক্ত হতো। গত ২ আগস্ট সর্বোচ্চ ৪৩ দশমিক ৬৫ শতাংশ করোনা শনাক্ত হয়। সম্প্রতি করোনা সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী। গত মঙ্গলবার থেকে সংক্রমণের হার ১০-এর ঘরে ওঠানামা করছিল। তবে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার এসে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৯।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৬৮ জন, সুনামগঞ্জের ৬, হবিগঞ্জের ৬ ও মৌলভীবাজারের ১৫ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৩৯১। এদিকে ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেলেন ১ হাজার ৯৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৯০৬ জন, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৭ ও মৌলভীবাজারের ৭২ জন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৩৫৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ১২৭।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২১৭ জন। তাঁদের মধ্যে ১৭২ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ১৪ জন ও মৌলভীবাজারের ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।