সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়াল
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হওয়া ৮২ জনের মধ্যে সিলেট জেলার ৬৯, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজারের ৯ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক সংক্রমণ শনাক্ত হয়েছে সিলেট জেলায়।
সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৮২ জনের। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত ২৪ হাজার ৪৬ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৫৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। তিনিসহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৪৪৪। আজ শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনাক্ত হওয়া ৮২ জনের মধ্যে সিলেট জেলার ৬৯, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজারের ৯ জন। মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত সিলেট জেলায় ১৫ হাজার ৮৮১, সুনামগঞ্জে ২ হাজার ৮৮৬, হবিগঞ্জে ২ হাজার ৫৭৩ ও মৌলভীবাজারে ২ হাজার ৭০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৪, সুনামগঞ্জের ৪ ও মৌলভীবাজারের ১৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৪৪ জনের মধ্যে সিলেট জেলার ৩৬৩ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৩০, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজারে ৩৩ জন মারা গেছেন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২২১, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৭ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম জানান, করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং বারবার সাবান–পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে।