সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় একজ‌নের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ছবি: রয়টার্স

সিলেট বিভাগে গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মারা গেছেন ৪২৫ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৯ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ২২১ জনের।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৬৯ জনের মধ্যে সিলেট জেলার ৪৮ জন, সুনামগঞ্জের চারজন, হবিগঞ্জের ৬ জন ও মৌলভীবাজারের ১১ জন। বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ২৫৮ জন, সুনামগঞ্জের ২ হাজার ৮৪৭ জন, হবিগঞ্জের ২ হাজার ৫৩২ জন ও মৌলভীবাজারের ২ হাজার ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিকে বিভাগে সুস্থ হয়েছেন ২১ হাজার ৭৭৯ জন।

বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ৪২৫ জনের মধ্যে সিলেটের ৩৪৭ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম তথ্যগুলো নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্তের পাশাপাশি সুস্থতার সংখ্যাও বাড়ছে। মৃত্যুর সংখ্যা কমেছে। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানান তিনি।