‌সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

‌সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ৪৬২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১২২ জনের।

এখন পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৯২৯ জনের। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০ জন।

আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ১২২ জনের মধ্যে সিলেট জেলার ৬৪ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ৪১ জন আছেন। বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৪৯১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৩৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৬৩৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।