সিলেটে করোনা শনাক্ত ও হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার নমুনা পরীক্ষা
ফাইল ছবি

সিলেট বিভাগে করোনা শনাক্তের হার ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা—দুটিই বেড়েছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে ৩ দশমিক ০৯ শতাংশ। এক দিনের ব্যবধানে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে আট। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩৭ জন। আজ রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষায় ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৩ দশমিক ৮১। এর আগের দিন শনাক্তের হার ছিল ১০ দশমিক ৭২। গতকাল প্রায় ৪ মাস পর শনাক্ত ১০ শতাংশ ছাড়িয়েছিল। সব শেষ গত বছরের ৮ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ১১ দশমিক ৫৮।

সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শনাক্তের হার কমতে শুরু করে। অক্টোবরে শনাক্ত ১ শতাংশ বা কখনো কখনো ১ শতাংশের নিচে অবস্থান করছিল। এর মধ্যে গত ৬, ১১, ১৪, ১৯ ও ২৬ ডিসেম্বর করোনা শনাক্তের হার ছিল শূন্য। পরে ২৯ ডিসেম্বর করোনা শনাক্ত ১ শতাংশ অতিক্রম করে। চলতি মাসের শুরু থেকে করোনা সংক্রমণের হার আবার বাড়তে শুরু করে। বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৩৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেটে ৩১ জন, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় ২ জন চিকিৎসাধীন।

বিভাগে এখন পর্যন্ত ৫৫ হাজার ৬৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ হাজার ১৫০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮৬ জন।

জেলার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে এ হাসপাতালে ১২ জন রোগী ভর্তি আছেন, তাঁদের মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত। বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনার সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সরকারিভাবে ১১টি বিধিনিষেধ জারি করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।