সিলেটে করোনা শনাক্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে
সিলেট বিভাগে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মানুষের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত বিভাগে আক্রান্ত মানুষের সংখ্যা ১৫ হাজার ২৪। এর মধ্যে সুস্থ হওয়ার সংখ্যা ১৩ হাজার ৭৯৪।
আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৫২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ আর মারা গেছেন দুজন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৭, সুনামগঞ্জে ৭ আর হবিগঞ্জ জেলায় ৮ জন। বিভাগে মোট আক্রান্ত মানুষের মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৭৫০, সুনামগঞ্জে ২ হাজার ৪৯১, হবিগঞ্জে ১ হাজার ৯৩১, মৌলভীবাজারে ১ হাজার ৮৫২ জন।
সিলেট বিভাগে গত ৫ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, শীতে করোনার দ্বিতীয় ঢেউ আসার কথা রয়েছে। এরই মধ্যে সিলেটে করোনার শনাক্ত মানুষের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ঘরের বাইরে বের হলে সবাইকে মাস্ক পরারও আহ্বান জানান আনিসুর রহমান।