সিলেটে করোনা শনাক্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে
সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৩ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪৮ জনের।
এর মধ্যে গত মাসে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৬১ জন। ১ জুন থেকে আজ পর্যন্ত পাঁচ দিনে শনাক্ত হয়েছে ৩৫২ জনের।
এদিকে বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৪১৭ জন। এর মধ্যে গত মাসে করোনায় মারা গেছেন ৫৬ জন।
আজ সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হওয়া ৮৩ জনের মধ্যে সিলেট জেলার ৭৩ জন, হবিগঞ্জের ৩ জন ও মৌলভীবাজারের ৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ জন। এর মধ্যে সিলেটের ৬০ জন ও মৌলভীবাজারের ১ জন আছেন। বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ১৫৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩২ জন, হবিগঞ্জে ২ হাজার ৫১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ৪১৬ জনের মধ্যে সিলেট জেলার ৩৩৯ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম তথ্যগুলো নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি অনুসরণ করার কোনো বিকল্প নেই।