সিলেটে করোনা শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়াল
সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৬৯ জনের। এ নিয়ে বিভাগে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেটের বাসিন্দা। বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯৪ জন।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৭ জনের। এর মধ্যে শনাক্ত করা হয়েছে ৭৬৯ জনের। করোনা শনাক্তের হার ৩৮ দশমিক ১৩ শতাংশ। শনাক্তদের মধ্যে সিলেটে ৫২০ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৭১ জন ও মৌলভীবাজারে ১৪২ জন রয়েছেন।
বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৯৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৫ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২০২ জন। এর মধ্যে ১১ জনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগে করোনার আক্রান্তের হার বেড়েছে। এ ছাড়া ঘরে ঘরে জ্বর-সর্দিতে আক্রান্তও হচ্ছেন। সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারিভাবে বিধিনিষেধ জারি করা হয়েছে। সেগুলো মেনে চললে এবং ঘর থেকে বাইরে বের হলে মাস্ক পরিধান ও সাবান–পানি দিয়ে বারবার হাত ধোয়ার আহ্বান জানান তিনি।