সিলেটে করোনায় সংক্রমিত আরও ৬০ জন

সিলেট বিভাগে আরও ৬০ জন কোভিড-১৯-এ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় তাঁদের করোনার সংক্রমণ শনাক্ত হয়।
আক্রান্ত ব্যক্তিরা সিলেট ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে আক্রান্ত মানুষের সংখ্যা ৫ হাজার ১০০। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। সুস্থ হয়েছেন ৭৩ জন।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেটের ২৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। অন্যদিকে ঢাকার পরীক্ষাগার থেকে হবিগঞ্জ জেলার ৩৬ জনের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে এ পর্যন্ত সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ জন, সুস্থ হয়েছেন ৫১৩ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬১০ জন এবং মারা গেছেন ৭ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত ৭৫৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৮ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৫২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৭ জন এবং মারা গেছেন ৫ জন।