সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সিলেট বিভাগে করোনায় গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৪১৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা।

এর মধ্যে গত মাসে করোনায় মারা গেছেন ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৪ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৯১ জনের। এর মধ্যে গত মাসে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৬১ জনের।

আজ বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৭৪ জনের মধ্যে সিলেট জেলার ৪৫ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ২৩ জন। বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ২১ জন, সুনামগঞ্জের ২ হাজার ৮২৮ জন, হবিগঞ্জের ২ হাজার ৫১০ জন ও মৌলভীবাজারের ২ হাজার ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে মোট মৃত মানুষের মধ্যে সিলেট জেলার ৩৩৫ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সুলতানা রাজিয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।