সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৮৪
সিলেট বিভাগে করোনায় সংক্রমিত হয়ে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৪০৯ জন।
এর মধ্যে গত মাসে করোনায় মারা গেছেন ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৪ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৬৯৬ জনের। এর মধ্যে গত মাসে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৬১ জন।
আজ মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত বছরের ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনায় সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া যায়। এর ১০ দিন পর ওই রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বছরের এপ্রিল থেকে মে—এই দুই মাসে বিভাগে করোনার সংক্রমণ শনাক্ত হয় ৯৪৭ জনের। এরপর জুন মাসে শনাক্ত হন ৩ হাজার ৫১৫ জন, জুলাই মাসে ৩ হাজার ৩৪৭ জন, আগস্টে ২ হাজার ৯৯৮ জন, সেপ্টেম্বরে ১ হাজার ৮৪৬ জন, অক্টোবরে ৯৮৯ জন, নভেম্বরে ৯৭৪ জন, ডিসেম্বরে ৮৫৮ জন, চলতি বছরের জানুয়ারিতে ৫১৪ জন, ফেব্রুয়ারিতে ২৯৪ জন, মার্চে ১ হাজার ১০৯ জন, এপ্রিলে ৩ হাজার ২৬০ জন এবং সর্বশেষ গত মে মাসে ১ হাজার ৯৬১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয় ।
এদিকে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত বছরের এপ্রিল থেকে মে মাসে মারা যান ১৭ জন। এরপর থেকে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গত বছরের জুনে ৫৮ ও জুলাইয়ে ৭১ জন মারা যান। এরপর মৃতের সংখ্যা কমতে থাকে। আগস্টে ৪১, সেপ্টেম্বরে ৩১, অক্টোবরে ১২, নভেম্বরে ১৪ ও ডিসেম্বরে ১৯ জন মারা যান। চলতি বছরের জানুয়ারিতে এ সংখ্যা আরও কমে। জানুয়ারিতে ১২, ফেব্রুয়ারিতে ৩ ও মার্চে মৃতের সংখ্যা ছিল ৭ জন। কিন্তু এপ্রিল মাসে ৬৫ ও সর্বশেষ গত মে মাসে মারা যান ৫৬ জন।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৮৪ জনের মধ্যে সিলেট জেলার ৭৫ জন, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ৬ জন ও মৌলভীবাজার জেলার ১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭২ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৬ জন, সুনামগঞ্জ জেলার ৪ জন, হবিগঞ্জ জেলার ১ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৮৭৬, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮২১, হবিগঞ্জ জেলার ২ হাজার ৫০৪ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সুলতানা রাজিয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনার সংক্রমণ রোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।