সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৪১১ জন। এর মধ্যে গত মাসে করোনায় মারা গেছেন ৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১২১ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৮১৭ জনের। এর মধ্যে গত মাসে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৬১ জন।

আজ সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ১২১ জনের মধ্যে সিলেট জেলার ১০০ জন, সুনামগঞ্জ জেলার ৩, হবিগঞ্জ জেলার ৪ ও মৌলভীবাজার জেলার ১৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮২ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৬ জন, সুনামগঞ্জ জেলার ২ ও মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন। বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৯৭৬ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮২৪, হবিগঞ্জ জেলার ২ হাজার ৫০৮ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সুলতানা রাজিয়া তথ্যগুলো নিশ্চিত করে করোনার সংক্রমণ রোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানান।