সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু
সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬০৪ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ১৩। বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৪ হাজার ২০১ জনের। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ১৫ জন। বিভাগে মোট করোনায় সংক্রমিত ব্যক্তির মধ্যে সিলেট জেলার ৩৩ হাজার ৩৫৮ জন, সুনামগঞ্জের ৬ হাজার ২১৮ জন, হবিগঞ্জের ৬ হাজার ৫৯৮ জন ও মৌলভীবাজারের ৮ হাজার ২৭ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনা শনাক্তের হার নিম্নমুখী। রোগী কমার পাশাপাশি আইসোলেশন সেন্টারগুলোতে কমেছে রোগীর চাপ। বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০১। এর মধ্যে ৮৩ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে।