সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

সিলেট বিভাগে এক দিনে করোনায় সংক্রমিত হয়ে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়।

এর আগে সিলেট বিভাগে এক দিনে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছিল। গত ১৬ জুন ও ১ জুলাই বিভাগে সাতজনের মৃত্যু হয়েছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৭৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করে ২২৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৩২ শতাংশ।

আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ১১৭ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫৪ জন ও মৌলভীবাজারে ৬১ জন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৬৭। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ১৭ হাজার ৮১৬ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩ হাজার ৭৭ জন, হবিগঞ্জের বাসিন্দা ২ হাজার ৮৯২ জন ও মৌলভীবাজারের বাসিন্দা ৩ হাজার ১৮২ জন।

শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন আটজন। তাঁদের মধ্যে সিলেট জেলার চারজন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের দুজন ও মৌলভীবাজারের একজন। বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯১। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৩৯৯ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩৪ জন, হবিগঞ্জের ২১ জন ও মৌলভীবাজারের ৩৭ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ১০৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ৮৫ জন সিলেট জেলার, ৫ জন হবিগঞ্জ জেলার এবং ১৪ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৬।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে করোনার মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪২৪ জন।