সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সিলেট জেলার ৯ জন ও সুনামগঞ্জের ১ জন। এ নিয়ে বিভাগে এ পর্যন্ত ১ হাজার ১৫ জন করোনায় মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষায় ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১১ শতাংশ। বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ৫১ হাজার ৮৫৫ জনের।

আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ছিল গত জুন মাসের শেষ দিক থেকে। ওই সময় নমুনা পরীক্ষায় শনাক্ত ৩০ শতাংশের ওপরে থাকত। ২ আগস্ট সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ৬৫ শতাংশ। তবে সপ্তাহখানেক ধরে শনাক্তের হার কিছুটা নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১৩৯, সুনামগঞ্জের ৫১, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২৪ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনার চিকিৎসা নিচ্ছেন ৩৯১ জন। তাঁদের মধ্যে ৩১১ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।