সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু
সিলেট বিভাগে করোনায় গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১২ জন ও হবিগঞ্জ জেলার একজন আছেন। এ নিয়ে বিভাগে ৭৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৮৭৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত করা হয়েছে ৭৩১ জনের। শনাক্তের হার ৩৯ দশমিক শূন্য ৩ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৪৬১ জনের। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৪৪৫ জন, সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ১৩৫ জন ও মৌলভীবাজারের ৯১ জন। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৪৬১। এর মধ্যে সিলেট জেলার ২৭ হাজার ১২০ জন, সুনামগঞ্জের ৫ হাজার ৬২ জন, হবিগঞ্জের ৫ হাজার ২৪৯ জন ও মৌলভীবাজারের ৬ হাজার ৩০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে মারা গেছেন ১৩ জন। এখন পর্যন্ত বিভাগে মোট মারা গেছেন ৭৬১ জন। এই ৭৬১ জনের মধ্যে সিলেট জেলার ৬০৯ জন, সুনামগঞ্জের ৫৫ জন, হবিগঞ্জের ৩৬ জন ও মৌলভীবাজারের ৬১ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৭৫। এর মধ্যে ৩৪২ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জন, হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারে ২৮ জন।