সিলেটে করোনায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সিলেট বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ৪৪১। একই সময়ে সিলেটে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৮ জনের। এ ছাড়া হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ৯২ জন করোনামুক্ত হয়েছেন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক সুলতানা রাজিয়া স্বাক্ষরিত ‘কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন’ সূত্রে এ তথ্য জানা গেছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগের চার জেলায় মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা এখন ২৩ হাজার ৮৭৬। এর মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৭৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৭৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৬৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৭৬ জন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ রোগীর। এর মধ্যে সিলেট জেলার ৫ জন ও ২ জন মৌলভীবাজারের। সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৪৪১। এর মধ্যে সিলেট জেলায় ৩৬০ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৬৮ জন করোনায় আক্রান্ত রোগীর ৩৩ জনই সিলেট জেলার, ২ জন সুনামগঞ্জ, ৫ জন হবিগঞ্জ ও ১২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ ছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯২ জন করোনামুক্ত হয়েছেন। এর মধ্যে ৭৫ জন সিলেট জেলার। ১ জন হবিগঞ্জ ও ১৬ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৬১ জন। এর মধ্যে সিলেটে ১৫ হাজার ১০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৮৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৯০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৮৪ জন।

হাসপাতালে ভর্তি হওয়া করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২১৪। এর মধ্যে ২০৫ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৬ জন চিকিৎসা নিচ্ছেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৬ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।