‌সিলেটে ছয় দিন পর করোনায় মৃত্যুহীন দিন, শনাক্ত আরও ২১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগে ছয় দিন পর করোনায় মৃত্যুহীন দিন পার হয়েছে। এর আগে গত ৩০ জানুয়া‌রি থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

গতকাল সকাল ৮টা থেকে আজ শ‌নিবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৩০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২১০ জনের। শনাক্তের হার ২০ দশ‌মিক ৩৯। এ নিয়ে বিভাগে মোট ৬৪ হাজার ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বেলা একটার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া করোনাসংক্রান্ত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্তের হার ৩০–এর ওপরে চলে যায়। এর মধ্যে ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। গত বুধ ও বৃহস্পতিবার থেকে সংক্রমণের হার কিছুটা কমে ২১–এ নামে। গত ২৪ ঘণ্টায় সে‌টি আরও কমে ২০ শতাংশের নিচে অবস্থান করে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২১০ জনের মধ্যে সিলেট জেলার ১৬৩ জন, সুনামগঞ্জের ৮, হ‌বিগঞ্জের ১৫ ও মৌলভীবাজারের ২৪ জন রয়েছেন।

বিভাগে আজ সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত ১৮৩ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে সিলেট জেলার ১৪৯, সুনামগঞ্জের ১৭, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১৬ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী। এর মধ্যে করোনার নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ার কথা জানা গেলেও সিলেটে সেটি শনাক্তের মাধ্যম নেই। বর্তমানে ঘরে ঘরে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাঁদের নমুনা পরীক্ষায় অনীহা রয়েছে।

হিমাংশু লাল রায় আরও বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব এবং ঘর থেকে বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।