সিলেটে জ্বালানি তেলের সংকট সমাধানসহ ৬ দাবিতে আন্দোলনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেটে জ্বালানি তেলের সংকট সমাধান, পাম্পে গ্যাসের সরবরাহ বাড়ানোসহ ছয় দফা দাবিতে ট্যাংকলরি নিয়ে মিছিলের ঘোষণা দিয়েছে সিলেট বিভাগীয় পেট্রলপাম্প, সিএনজি, এলপিজি, ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার সিলেট থেকে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক সিরাজুল হোসেন আহমদ।

সোমবার রাতে প্রথম আলোকে সিরাজুল হোসেন ট্যাংকলরি নিয়ে মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বুধবার বেলা ১১টায় তাঁরা এ কর্মসূচি পালন করবেন। তবে এ মিছিল কোথা থেকে শুরু হবে এবং কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে, সেটি পরবর্তী সময়ে জানানো হবে বলে জানান তিনি।

সংগঠন সূত্রে জানা গেছে, সিলেটে প্রতিদিন প্রায় দেড় লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা থাকলেও, মাত্র ৬০ হাজার লিটার সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে দীর্ঘদিন ধরে সমস্যার সমাধানসহ সিলেটের বন্ধ থাকা গ্যাস ফিল্ডগুলো চালুর দাবি জানিয়ে আসছেন পাম্পের মালিকেরা। এ নিয়ে দীর্ঘদিন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি। এ জন্য তাঁরা আন্দোলনের দিকে এগোচ্ছেন।

জ্বালানি খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি; বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি; বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি; বাংলাদেশ এলপিজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে সিলেট বিভাগীয় পেট্রলপাম্প, সিএনজি, এলপিজি, ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো ওভারলোডের অজুহাতে সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ করা; অবিলম্বে সিলেট বিভাগের প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ বাড়ানো; সিলেট বিভাগে পেট্রল, ডিজেল, অকটেন সরবরাহ নিশ্চিত করা; সিলেটের প্রতিটি গ্যাস ফিল্ড থেকে ট্যাংকলরির ডেসপাস চালু করা; অবিলম্বে সিলেট বিভাগের প্রতিটি গ্যাস ফিল্ডস আগের মতো চালু করা এবং জ্বালানি ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে সরকারের হয়রানি বন্ধ করা।

এ বিষয়ে সিরাজুল হোসেন আহমদ প্রথম আলোকে বলেন, সিলেটের সিএনজি ও এলপিজি পাম্পের মালিকেরা দীর্ঘদিন এসব সমস্যার সম্মুখীন হয়ে আসছেন। দেশের অন্য কোনো জেলায় এমন সমস্যা নেই। এসব সমস্যার দ্রুত সমাধান করা না হলে সংগঠনের আওতায় বিভাগের প্রায় ২০০টি পাম্পের মালিক-শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান তিনি।