সিলেটে ট্রলারের ধাক্কায় পুলিশের টহল নৌকাডুবি, খোয়া গেছে অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌ দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রলারের ধাক্কায় পুলিশের টহল নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা দুই পুলিশ সদস্যের সঙ্গে থাকা অস্ত্র খোয়া গেছে। পরে পুলিশ সদস্যরা সাঁতার কেটে তীরে উঠেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে চেঙ্গেরখাল নদে নৌকাযোগে কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় পুলিশের নৌকায় একটি ট্রলার ধাক্কা দেয়। এতে নৌকা ডুবে গেলে পুলিশের তিন সদস্য নদের পানিতে পড়ে যান। একপর্যায়ে তাঁরা সাঁতার কেটে তীরে উঠলেও তাঁদের সঙ্গে থাকা দুটি অস্ত্র খোয়া যায়। এর মধ্যে একটি চাইনিজ রাইফেল ও অন্যটি শটগান। পরে খবর পেয়ে পুলিশের অন্য সদস্যরা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার তৎপরতা শুরু করে। তবে অস্ত্র দুটি উদ্ধার করা সম্ভব হয়নি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ট্রলারের ধাক্কায় টহল দলের নৌকা ডুবে গেলে পুলিশ সদস্যরা পানিতে পড়ে যান। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি অস্ত্র পানিতে পড়ে যায়। আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করতে ডুবুরিদের তৎপরতা অব্যাহত রয়েছে।

লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে প্রায় ৬০ ফুট পানি রয়েছে। সেখানে গতকাল বৃহস্পতিবার উদ্ধার তৎপরতা চালালেও উদ্ধার হয়নি। অস্ত্র দুটি উদ্ধারে নৌবাহিনীর কোস্টগার্ডের ডুবুরিদের সহযোগিতা চাওয়া হয়েছে। আজ শুক্রবার উদ্ধারে তাঁদের যোগ দেওয়ার কথা রয়েছে।