সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্থানীয়দের সড়ক অবরোধ
সিলেট নগরের আখালিয়া এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে নগরের আখালিয়ার বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ট্রাক ভাঙচুর করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টায় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিহত যুবকের নাম মো. ফয়জুর রহমান (২৪)। তিনি সিলেটের জালালাবাদ থানা এলাকার সাদিপুর সুনাতলা গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ফয়জুর রহমান মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মালবোঝাই ট্রাক তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফয়জুরের মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওই ট্রাকে ভাঙচুর চালান। একপর্যায়ে তাঁরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত পৌনে একটার দিকে বিক্ষুব্ধ লোকজনকে সড়ক থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।
সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।