সিলেটে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজারে বালুবোঝাই ট্রাকের চাপায় সূর্য বিশ্বাস (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের চারখাই সদাখাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সূর্য বিশ্বাস বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের পল্লী শাসন এলাকার মোহনপুর গ্রামের হীরা বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে বালুবোঝাই একটি ট্রাক সিলেট থেকে বিয়ানীবাজারে যাচ্ছিল। এ সময় ট্রাকটি বিয়ানীবাজার-সিলেট সড়কের চারখাই সদাখাল ব্রিজ এলাকায় সূর্য বিশ্বাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সূর্য বিশ্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করে। তবে এ সময় ট্রাক রেখে চালক ও সহকারী পালিয়ে যান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, শিশুটি সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ ও ট্রাকটি আটক করে। তবে ট্রাকচালক ও সহকারীকে পাওয়া যায়নি। চালক ও সহকারীকে আটকের অভিযান চলছে।

এদিকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউপির টিকরপাড়া চন্দনপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।