সিলেটে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কের তেলিখাল বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ওমর আলী (৪৫)। তিনি উপজেলার তেলিখাল গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মোটরসাইকেল চালিয়ে ওমর আলী কোম্পানীগঞ্জ বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধু মহাসড়কের তেলিখাল বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ওমর আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আজ সোমবার ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।