সিলেটে ধীরগতিতে পানি কমছে, দেরিতে মিলল সূর্যের দেখা
সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি ধীরগতিতে কমছে। তবে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদের পানি কিছুটা বেড়েছে। অন্যান্য নদ–নদীর পানি কমতে থাকায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এদিকে আজ শুক্রবার ভোররাত থেকে সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কিছুটা দেরিতে সূর্যের দেখা মিলেছে।
আজ বেলা ১১টার দিকে আকাশ পরিষ্কার হয়ে সূর্যের আভা দেখা গেছে। তবে আধা ঘণ্টার মধ্যে আবার দুই–এক ফোঁটা বৃষ্টি ঝরতে শুরু করেছে। সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নদীতে পানি নামতে না পেরে খালের পানি উপচে বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। এতে জলাবদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে। নগরের শাহজালাল উপশহর, তেররতন, যতরপুর, মিরাবাজার, সোবহানীঘাট, মেন্দিবাগ, মাছিমপুর, ছড়ার পাড়, কালীঘাট, মির্জাজাঙ্গাল, তালতলা, জামতলা এলাকায় পাড়া-মহল্লার অভ্যন্তরে পানি রয়েছে।
পাউবো সূত্রে জানা গেছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার তুলনায় আজ সকাল নয়টায় পানি দশমিক ১২ সেন্টিমিটার কমে ১৩ দশমিক ৩৯ সেন্টিমিটারে অবস্থান করছে। নদীর সিলেট পয়েন্টে পানি গতকালের তুলনায় দশমিক শূন্য ২ সেন্টিমিটার কমে ১০ দশমিক ৭৬ সেন্টিমিটারে অবস্থান করছে।
কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে পানি দশমিক শূন্য ৭ সেন্টিমিটার কমে ১৬ দশমিক ২৪ সেন্টিমিটারে অবস্থান করছে। নদীর শেওলা পয়েন্টে পানি গতকালের তুলনায় দশমিক শূন্য তিন সেন্টিমিটার কমে ১৩ দশমিক ৩৭ সেন্টিমিটারে অবস্থান করছে। তবে নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি অপরিবর্তিত রয়েছে। ওই পয়েন্টে পানি অবস্থান করছে ১০ দশমিক ৪৮ সেন্টিমিটারে। নদীর শেরপুর পয়েন্টেও পানি কমেছে।
অন্যদিকে লুভা নদীর লুভা ছড়া পয়েন্টে পানি কমেছে দশমিক শূন্য ৭ সেন্টিমিটার। আজ সকালে পানি অবস্থান করছে ১৩ দশমিক ৬২ সেন্টিমিটারে। সারি নদের সারিঘাট পয়েন্টে দশমিক ৪৬ সেন্টিমিটার কমে ১১ দশমিক ১৪ সেন্টিমিটারে অবস্থান করছে।
ধলাই নদের ইসলামপুর পয়েন্টে গতকালের তুলনায় আজ সকালে দশমিক ১৪ সেন্টিমিটার পানি বেড়েছে। নদের ওই পয়েন্টে পানি রয়েছে ১০ দশমিক ৪৬ সেন্টিমিটার।
সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, সিলেটে দুই-এক দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও বন্যার আশঙ্কা নেই। এ ছাড়া নদ-নদীর পানিগুলো ক্রমে হ্রাস পাচ্ছে।