সিলেটে নতুন করে করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনায় আক্রান্ত হয়ে সিলেটে টানা দুই দিন মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন দুজন। গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪ জন। মৃত দুজনই সিলেট জেলার বাসিন্দা।

আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন ৪৪ জনসহ বিভাগে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৫১১। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭ জন।

বিভাগে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৩৭৯। যার মধ্যে ৩০৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪৪ জনও সিলেট জেলার বাসিন্দা। এখন পর্যন্ত এই জেলায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৯৩৯ জন।

এদিকে সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন করোনায় আক্রান্ত ১৭৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৯ জন, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, করোনা সংক্রমণ কমাতে ঈদ উপলক্ষে ঘোরাঘুরি বন্ধ এবং ঘর থেকে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসব স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি।