সিলেটে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় ইউপি সদস্যপ্রার্থীসহ আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আলাউদ্দিন ওরফে আলাল (৪৫) হত্যার ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। গতকাল শনিবার রাতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। তাঁদের মধ্যে আবদুল হামিদ নামে এক ইউপি সদস্যপ্রার্থীও আছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনে সদস্যপ্রার্থী গোলাম রব্বানী ও আবদুল হামিদের পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। এর জের ধরে আলালের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নিহত আলাউদ্দিনের বাড়ি জালালাবাদ ইউপির আলীনগর গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে ইউপি সদস্য দুই প্রার্থীর পক্ষের লোকজনের মধ্যে বচসা হয়। পরে দুই পক্ষের মারামারিতে কয়েকজন আহত হন। ঘটনাস্থলে ছিলেন আলাউদ্দিন। দুই পক্ষের বচসার জের ধরে আলাউদ্দিনকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক অতর্কিত হামলা করে। তাঁর ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে মাটিতে ফেলে চলে যায় হামলাকারীরা। ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিলেট শহরতলির জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর। নিহত আলাল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ উল্লাহ ইসহাকের একজন সমর্থক বলে জানা গেছে। জানতে চাইলে ইসহাক বলেন, ‘আলাল আমার সমর্থক। তবে যে ঘটনার সূত্র ধরে হামলা হয়েছে, সেটি দুই ইউপি সদস্যের পক্ষের লোকজনের বচসার জের ধরে।’