সিলেটে পরিবহনশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
সিলেটে কাল মঙ্গলবার থেকে পরিবহনশ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ বিকেলে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সঙ্গে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠক শেষে তাঁরা এ সিদ্ধান্ত নেন।
এর আগে গত শনিবার রাতে নগরের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় সংগঠনের কার্যালয়ে সভা শেষে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। আজ সোমবার দুপুরে সফলভাবে কর্মবিরতি পালন করতে সভাও করেন শ্রমিকেরা। এরপর স্থানীয় প্রশাসন শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসে।
আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসন ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হয়। জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বৈঠকে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, কার্যকরী সভাপতি রনু মিয়া, সাধারণ সম্পাদক আবদুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কর্মবিরতি ‘আপাতত স্থগিত’ করা হয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর। তিনি বলেন, শ্রমিকদের চারটি দাবির মধ্যে দুটি মেনে নেওয়া হয়েছে। দাবি দুটি হলো নতুন ও নবায়নের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান এবং পুরোনো লাইসেন্স নবায়নের জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আবার চালু করা, সরকারি খাসজমিতে গাড়ি পার্কিংয়ের স্থান দেওয়ার পাশাপাশি রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করা। বাকি দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
শ্রমিকদের দাবিগুলো হলো সড়ক দুর্ঘটনাজনিত মামলার ৩০৪(খ) ধারায় চালককে জামিন প্রদান করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করা, নতুন ও নবায়নের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান এবং পুরোনো লাইসেন্স নবায়নের জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আবার চালু করা, সরকারি খাসজমিতে গাড়ি পার্কিংয়ের স্থান দেওয়ার পাশাপাশি রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করা।