সিলেটে পানি কমলেও ভেসে উঠছে ময়লা-আবর্জনা
সিলেট নগরীতে বন্যার পানি কমে এলেও জলাবদ্ধ এলাকার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন। গত ১৫ জুন থেকে নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে পানি উঠতে থাকে। তবে বর্তমানে এসব এলাকার অধিকাংশ বাড়ি থেকে পানি নেমে গেলেও বাড়ির আশপাশ ও সড়কে পানি জমে আছে। এখন পানিতে জমে থাকা ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।
আজ শনিবার সকাল থেকে নগরের শাহজালাল উপশহর, মাছুদিঘির পাড়, মির্জাজাঙ্গাল ও তেররতন এলাকা ঘুরে দেখা গেছে, পানি নেমে যাওয়ায় স্থানীয় লোকজন বাড়িঘর ধোয়ামোছার কাজ শুরু করছেন। তবে দীর্ঘদিন পানি জমে অনেকের আসবাব, কাপড়চোপড় ও বিছানার তোশক নষ্ট হয়ে গেছে। ঘরের ভেতর থেকে পানি নেমে গেলেও বিভিন্ন বাসাবাড়ির সামনে পানি জমে থাকতে দেখা গেছে। এ ছাড়া মহল্লার সড়কগুলো এখনো পানির নিচে।
নগরের শাহজালাল উপশহর এলাকার এ ব্লকের খালে পলিথিন, প্লাস্টিকের বস্তা, গাছের পাতাসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা গেছে। ময়লা–আবর্জনার কারণে খালের পানিপ্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এসব আবর্জনা জমে থাকায় পানি কালো রং ধারণ করেছে। এ ছাড়া শাহজালাল উপশহরের সি, ডি, জে ব্লক ও তেররতন এলাকার মহল্লায় একই চিত্র দেখা গেছে।
সি ব্লকের বাসিন্দা ইমন আহমদ বলেন, বন্যার পানি যখন বেশি ছিল, তখন এক ধরনের ভোগান্তি ছিল। এখন আরেক ভোগান্তি শুরু হয়েছে। পানির সঙ্গে জমে থাকা ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ঘর থেকে বের হলে এসব ময়লা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
ডি ব্লকের বাসিন্দা আতাউল্লাহ বলেন, ঘরের আসবাব ঠিক করতে হবে। ধোয়ামোছার কাজ চলছে। দুই বন্যায় ঘরের বেশ কিছু মালামাল নষ্ট হয়ে গেছে। ঘর থেকে বের হলে পচা পানির দুর্গন্ধ নাকে লাগছে।
তেররতন এলাকার বাসিন্দা তারেক মিয়া বলেন, ‘ঘরে বুকসমান পানি ছিল। প্রায় ১৫ দিন আশ্রয়কেন্দ্রে ছিলাম। চার দিন আগে ঘরে ফিরেছি। ঘরের সব মালামাল নষ্ট হয়ে গেছে। মহল্লার ভেতরে এখনো পানি আছে। এসব পানি মাড়িয়ে ঘরে যাওয়া-আসা করতে হচ্ছে।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, মে মাসে নগরে প্রথম দফা বন্যার পর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছিল। এর মধ্যে দ্বিতীয় দফায় আবার নগরী পানিতে প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে ময়লা-আবর্জনা ভেসে এসেছে। তবে পানি কমে আসার পর সেগুলো পরিষ্কার করা হচ্ছে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখার কর্মীরা খালসহ বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনাগুলো পরিষ্কারের কার্যক্রম শুরু করেছেন আশা করা যাচ্ছে, সেগুলো দ্রুতই পরিষ্কার করা হবে।